শ্রীলঙ্কাতেই সাকিবকে পেতে চায় বিসিবি
লম্বা বিরতিতে আজ বিসিবি কার্যালয়ে এসেছেন নাজমুল হাসান। বিসিবি সভাপতি আসেন জাতীয় শোক দিবস উপলক্ষে। শোক দিবসে বিসিবি আয়োজিত অনুষ্ঠান শেষে নাজমুল হাসান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেই সুবাদে চার মাস পর বিসিবি কার্যালয়ে হলো একটি সংবাদ সম্মেলন। তাতে সাকিব-প্রসঙ্গে কথা বলেছেন নাজমুল। তাঁদের দুজনের মধ্যে কী কথা হয়েছে, সেটি না বললেও বিসিবি যে শ্রীলঙ্কা সফরেই সাকিবকে পেতে চায় সেটি পরিষ্কার করে দিয়েছেন বিসিবি সভাপতি, ‘যখনই সাকিবে নিষেধাজ্ঞা উঠে যাবে, তারপরই সে আমাদের হয়ে খেলতে পারবে। তখন থেকেই তাকে পাওয়া যাবে। সবাই অধীরে আগ্রহে বসে আছি সে কবে ফিরবে। তবে এর সঙ্গে তার ফিটনেস ও প্রস্তুতির ব্যাপার আছে। এ কারণে সে নিজের মতো করে অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে, খেলতে পারবে।
নিষেধাজ্ঞা শেষ হতে এখনো দুই মাস বাকি থাকলেও সাকিব বসে থাকছেন না। এ মাসের শেষ দিকে চলে আসবেন দেশে। আগামী মাসের শুরুতেই বিকেএসপিতে শুরু করবেন অনুশীলন।

No comments