আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা ধোনির
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্বাধীনতা দিবসে ভক্তদের মন ভেঙ্গে এ ঘোষণা দেন তিনি। শনিবার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম আইডিতে একটা ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “ধন্যবাদ। সবসময়ই আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করবেন।
ধোনি অবসর নিয়েছেন, এমন নিশ্চিত করেছে সংবাদসংস্থা পিটিআই, জানিয়েছে ক্রিকইনফো। ফলে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল ভারত ক্রিকেটের বড় এক অধ্যায়। ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক করা ধোনি অবসর নিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও ওয়ানডে ক্রিকেটার হিসেবে। ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অধিনায়ক হিসেবে জিতেছেন বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারতকে তুলেছিলেন টেস্টের এক নম্বর দল হিসেবে। গত বছর বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ধোনি। এরপর আর স্বীকৃত কোনও ক্রিকেটই খেলেননি। ধোনি কবে অবসর নেবেন, সে আলোচনা চলেছে দীর্ঘদিন। নাটকীয় ভঙ্গিমায় সে অবসরের ঘোষণা দিলেন ‘ক্যাপ্টেন কুল’, ভারতের ‘মাহি’। প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধোনি ৩৮.০৯ গড়ে টেস্টে করেছেন ৪৮৭৬ রান। তবে ওয়ানডেতে ৫০.৫৭ গড়ে ১০৭৭৩ রান আছে তার। টি-টোয়েন্টিতে ৩৭.৬০ গড়ে করেছেন ১৬১৭ রান। তিন ফরম্যাট মিলিয়ে ৮২৯টি ডিসমিসাল আছে তার।
বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন। পাশাপাশি ভারতকে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে তুলেছেন ধোনি।
বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন। পাশাপাশি ভারতকে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে তুলেছেন ধোনি।

No comments